গাজীপুরে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন


প্রকাশিত: ০৬:৩২ এএম, ১১ এপ্রিল ২০১৭

গাজীপুরের অস্ত্র মামলায় রেজাউল করিম ওরফে কালু (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে গাজীপুরের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।

রায়ে একই সঙ্গে অন্য একটি ধারায় আসামিকে ১০ বছরে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম ওরফে কালু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাগানটুলি গ্রামের সাইফুর রহমানের ছেলে।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ২০১৩ সালে ১২ মার্চ রাতে সালনা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আলমগীর সিদ্দিকী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলেন। ১৩ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাস তল্লাশি করে টিকিটবিহীন যাত্রী রেজাউল করিম ওরফে কালুর কাধে থাকা ব্যাগ থেকে দুইটি সেভেন পয়েন্ট ৬৫ বোরের পিস্তল, চারটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলিসহ কালুকে আটক করা হয়।

পরে এ ঘটনায় পরিদর্শক মো. আলমগীর সিদ্দিকী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। কালিয়াকৈর থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে মঙ্গলবার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট মো. হারিজ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব মামলাটি পরিচালনা করেন।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।