ভারতে চিকিৎসা নিতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

গাজীপুর থেকে ভারতে চিকিৎসার নিতে গিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। স্বামী ও সন্তানের মরদেহ নিয়ে ভারতে দিশেহারা হয়ে পড়েছেন মৃত রফিকের স্ত্রী।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের গোবিন্দবাড়ি এলাকার মুন্সিবাড়ির রফিক মন্ডলের ছেলে আসাদ মন্ডলের (১৩) সম্প্রতি ফুসফুসে ক্যান্সার রোগ ধরা পড়ে। আসাদ স্থানীয় রেডিয়েন্ট প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আসাদ ছাড়াও রফিক মন্ডলের একটি মেয়ে সন্তান রয়েছে।

ভারতে ছেলের চিকিৎসার জন্য গত শনিবার আকাশ পথে রফিক মন্ডল তার স্ত্রী, ছেলে আসাদ এবং চাচা সাইফুলকে সঙ্গে নিয়ে দুপুরে কলকাতা বিমান বন্দরে পৌঁছেন।

বিমান থেকে নামার পরপরই আসাদ অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওই বিমান বন্দরের পাশের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আড়াইটার দিকে আসাদ মারা যায়। একমাত্র ছেলের মৃত্যুতে রফিক মন্ডল মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে সোমবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

স্বামী ও সন্তানের মৃত্যুতে রফিক মন্ডলের স্ত্রীও দিশেহারা হয়ে উঠেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। সেখানে বসে তিনি স্বামী ও সন্তানের মরদেহ ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে গাজীপুরের গ্রামের বাড়িতে এখন চলছে স্বজনদের আহাজারি।

রফিক মন্ডলের চাচা নাসির মন্ডল জানান, আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার আসাদের মরদেহ দেশে আনা হবে। তবে রফিক মন্ডলের মরদেহ ফিরিয়ে আনতে কিছুটা দেরি হতে পারে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।