টঙ্গীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২১ এপ্রিল ২০১৭

টঙ্গীতে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম ফেরদৌস আহমেদ (১৪)। সে সাতাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. আশরাফুল আলম। তাদের বাড়ি টঙ্গীর খাঁ পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেরদৌস তার বন্ধুদের সঙ্গে রাত ৯টার দিকে খাঁ পাড়া এলাকায় একটি স্কুলের অনুষ্ঠানে যায়। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কয়েকজন যুবক ফেরদৌসের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে ফেরদৌস মারা যায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।