মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ঝাউ বাগানে গড়ে উঠা কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর হতে টেকনাফ বিচ পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকতের পাশে ঝাউবাগানে গড়ে উঠা অবৈধ স্থাপনায় এ অভিযান চালানো হয়।

টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বনবিভাগ, র্যাব, ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন ছিদ্দিক উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ বলেন, পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রথমে তাদের নোটিশ দেয়া হয়। পরে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে বসবাসকারী স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, আগামী ৬ মে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

নির্মাণকালীন সময় পর্যন্ত এর উভয় পাশে অনেক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। যেহেতু এখন পর্যটনের জন্য সড়কটি উন্মুক্ত করা হচ্ছে সেহেতু পর্যটকদের নিরাপত্তার স্বার্থে উভয় পাশের অবৈধ স্থাপনা উঠিয়ে দেয়া হচ্ছে। পরিচ্ছন্ন কক্সবাজারের জন্য এটি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।