বরিশালে চুরি হওয়া ৩৩০ বস্তা ডাল যশোরে উদ্ধার
বরিশালের উজিরপুর থেকে চুরি হওয়া ৩৩০ বস্তা খেসারি ডাল যশোরে উদ্ধার হয়েছে। শনিবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপড়ার জগবাবু মোড়েরে একটি গুদামে অভিযান চালিয়ে এসব ডাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুদাম মালিক রফিকুল ইসলাম ভূঁইয়াকে আটক করা হয়েছে।
অভয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির জানান, গত সপ্তাহে বরিশালের উজিরপুর থেকে ৩৩০ বস্তা খেসারি ডাল চুরি হয়। সেই চোরাই ডাল পাবনায় নেওয়ার উদ্দেশ্যে নওয়াপাড়ার জগবাবু মোড় এলাকার রফিকুল ইসলাম ভূঁইয়ার গুদামে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশের সহযোগিতায় বরিশাল গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহাবুদ্দিনের নেতৃত্বে শনিবার বিকেলে ওই গুদামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গুদাম থেকে ৩৩০ বস্তা খেসারির ডাল উদ্ধার করা হয়। চোরাই ডাল রাখার অভিযোগে গুদাম রফিকুল ইসলাম ভূইয়াকে আটক করেছে পুলিশ। এছাড়াও চোরাই ডাল বহনকারী ট্রাকটি যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই।
মিলন রহমান/এএম/এমএস