যুবলীগ নেতা রাজন হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দির যুবলীগ নেতা আমির হোসেন রাজন হত্যাকাণ্ডের দেড় মাস পর এ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে তিন আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঞ্চল্যকর বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, এলাকায় জমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা আমির হোসেন রাজনের সঙ্গে একই এলাকার মোস্তফা-স্বপন গ্রুপের বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি মামলা-হামলার ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে গত ৬ মে দাউদকান্দি পৌর এলাকার পশ্চিম মাইজপাড়া বলদাখাল রোডস্থ মসজিদের পাশে একা পেয়ে সন্ত্রাসীরা চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রাজনকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেন। পরে মামলাটি জেলা ডিবিতে স্থানান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ্ কামাল আকন্দ পিপিএম এর নেতৃত্বে ঢাকার আশুলিয়া থানার নরসিংদীপুর হতে মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতাররা হলেন- দাউদকান্দির কাজিরকোনা গ্রামের মোস্তফা কামাল, মোহাম্মদ আলী, স্বপন মিয়া, আবু তাহের। এদের মধ্যে মোহাম্মদ আলী ছাড়া অপর তিন আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আরাফাত উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ্ কামাল আকন্দ পিপিএম জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা পরিচয় গোপন রেখে আশুলিয়া থানার নরসিংদীপুর এলাকায় বাড়ি ভাড়া করে আত্মগোপন করেছিল। মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মো. কামাল উদ্দিন/আরএআর/এমএস