৪৪ বছর পর রামের ডাঙায় ৬১ পরিবারে আলো!


প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৯ জুন ২০১৫

দীর্ঘ ৪৪ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো যশোরের শার্শা উপজেলার অবহেলিত রামের ডাঙা গ্রামের ৬১পরিবার। ডিজিটাল যুগেও ওরা ছিল অন্ধকারে। সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সুইচ টিপে ৬১ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।

স্থানীয় উলাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ শার্শা ডিজিএম মনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শার্শা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বিদ্যুৎ আমাদের সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। বর্তমান সরকার গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তার আলোকেই বিদ্যুৎ পেল রামের ডাঙার আলো বঞ্চিত মানুষেরা। ২০১৮ সালের মধ্যে সব ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বলে জানান তিনি।

রামের ডাঙা গ্রামের গৃহবধূ সালেহা খাতুন ও জামেনা বেগম জানান, বিদ্যুৎ পেয়ে আজ আমরা দারুন খুশি। আজ আমাদের আনন্দের দিন। বিদ্যুতের অভাবে আমরা ছেলে-মেয়েদের শিক্ষিত করে তুলতে পারছিলাম না। ডিজিটাল যুগেও আমরা ছিলাম অন্ধকারে। বিদ্যুতের আলোয় লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হবে সন্তানেরা।

মো. জামাল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।