রূপগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৩ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঘটে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত উভয় ট্রাকে আগুন ধরে যায়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রথমে তেলবাহী ট্রাকে আগুন ধরে যায়। পরে বালুবাহী ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখা প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচুতে উঠে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রকার হতাহতের সংবাদ পাওয়া যায়নি। খবর পেয়ে মাদবদী ফায়ার সার্ভিস ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দুই ট্রাকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে অন্তত ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ। তবে অল্প কিছুক্ষণের মধ্যে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলেও জানান এএসআই তাজুল ইসলাম।

মাদবদী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শাহজাহান খাঁন বলেন, সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাস সিলিন্ডার ও তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা হবে।

মীর আব্দুল আলীম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।