বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ ২ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ এএম, ০৫ অক্টোবর ২০১৭

যশোরের বেনাপোল বন্দরে ভারতে যাওয়ার সময় দুই যাত্রীর কাছ থেকে মোট ৮টি স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আটককৃত স্বর্ণের পরিমাণ ৮৩২ গ্রাম যার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। চোরাচালানের দায়ে ওই দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

আটক মো. সুজন মিয়া শরীয়তপুরের জাজিরা এলাকার আকবর শেখের ছেলে ও মো. জনি মোল্লা মাদারীপুরের শিবচর এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে।

জানা গেছে, ৪টি বারসহ সুজন মিয়াকে আটকের পর তার মোবাইল ফোনের কললিস্ট চেক করে প্রাপ্ত নম্বরের সাহায্যে সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে মো. জনি মোল্লা নামের অপর এক যাত্ৰীকে শনাক্ত করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটের মধ্যে থেকে আরও ৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, বহনকৃত স্বর্ণ কলকাতার বড়বাজারে বিক্রয়ের জন্য তারা নিয়ে যাচ্ছিলেন।

শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান জানান, চোরাচালানের অভিযোগে গ্রেফতারকৃত যাত্রীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণবার বেনাপোল কাস্টমস গুদামে জমা করা হবে।

জেইউ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।