ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু : ক্লিনিকে ভাঙচুর


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২০ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় নাসির হোসেন (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ট্যাংকেরপাড়স্থ `দি ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার` নামের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন পৌর এলাকার উত্তর পৈরতলা মহল্লার মৃত রহিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় শনিবার সকাল ৮টার দিকে নিহত রোগীর স্বজনরা ওই ক্লিনিকে ভাঙচুর চালিয়েছেন।

নিহতের ছেলে জাকির হোসেন জাগো নিউজকে জানান, গত বুধবার রাতে পিত্তে পাথর জনিত রোগের চিকিৎসার জন্য নাসির হোসেনকে দি ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন তার স্বজনরা। পরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রপাচারের জন্য নাসির হোসেনকে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়। জেলা সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. এ.কে.এম নিজাম উদ্দিন নাসির হোসেনের অস্ত্রপচার করেন। কিন্তু ভুল চিকিৎসার কারণে অপারেশন টেবিলেই নাসির হোসেনের মৃত্যু হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পরে রাতেই ডা. এ.কে.এম নিজাম উদ্দিনসহ হাসপাতালের সব স্টাফরা গা ঢাকা দেন। এ ঘটনায় শনিবার সকালে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ক্লিনিকে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত ডা. এ.কে.এম নিজাম উদ্দিন মুঠোফোনে জাগো নিউজকে বলেন, `ক্লিনিক কর্তৃপক্ষের অনুরোধে আমি ওই রোগীর অস্ত্রপচার করেছি। তবে আমার ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়নি`।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার জাগো নিউজকে বলেন, এ ঘটনায় রোগীর স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।