বন্ধুকে গাছে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বন্ধুকে গাছে বেঁধে এক সন্তানের জননীকে (২৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক আব্দুল লতিফকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক লতিফকে গ্রেফতার করে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে শনিবার রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগস্থ সমাজ বিজ্ঞান কৃষি গবেষণাগারে কাঠ বাগানে গণধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতার আব্দুল লতিফ উপজেলার কেওঢালা এলাকার মৃত গিয়াস উদ্দিন ছেলে। এলাকায় তিনি সন্ত্রাসী ও বখাটে হিসেবে পরিচিত।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর রাতে বন্দর থানার মদনপুর ছোটবাগ এলাকার ওই গৃহবধূ এক সন্তানের জননী (২৫) তার বন্ধু দিপুর সঙ্গে দেখা করার জন্য চাঁনপুর এলাকায় যায়। বন্ধু দিপুকে দোকানে না পেয়ে পুনরায় বাড়িতে ফেরার সময় অপর বন্ধু মাসুদের সঙ্গে দেখা হয়।
পরে তারা দুইজন কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাওয়ার পথে একই এলাকার মজনু মিয়ার ছেলে লিটন, সুরুজ মিয়ার ছেলে সুজন ও মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে লম্পট আব্দুল লতিফ তাদের পথ আটকায়।
বখাটেরা তাদেরকে স্থানীয় সমাজ বিজ্ঞান কৃষি গবেষণাগারে কাঠ বাগনে নিয়ে যায়। এ সময় তারা মাসুদকে চরথাপ্পড় দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে গৃহবধূকে গণধর্ষণ করে তারা।
ধর্ষকরা গৃহবধু ও তার বন্ধুকে এ নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার রুপালীকে জানিয়ে এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ বাদী সোমবার দুপুরে বন্দর থানায় মামলা করলে ধর্ষক আব্দুল লতিফকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানা পুলিশের ওসি আবুল কালাম বলেন, গণধর্ষণের ঘটনায় ধর্ষক লতিফকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মো: শাহাদাত হোসেন/এএম/আইআই