চকরিয়ায় দেশীয় মদসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৭ মে ২০১৮

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ৯৮ হাজার লিটার দেশীয় মদ জব্দ করেছে র‌্যাব-৭ কক্সবাজারের সদস্যরা। এ সময় মদ উৎপাদন ও মজুদের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়েছে। পরে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- কক্সবাজারের চকরিয়ার দক্ষিণ মানিকপুর এলাকার মৃত কচিংয়ের ছেলে মেমং (৬৫), কক্সবাজার সদরের মহাজনপাড়ার মৃত আছন আলী সিকদারের ছেলে মো. রহিম (৪৫) ও রামু উপজেলার মন্ডলপাড়ার মৃত নুরুচ্ছাফার ছেলে মো. সেলিম (৩১)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী কক্সবাজারের চকরিয়ার মানিকপুর এলাকায় দেশীয় মদ উৎপাদন, মজুত এবং ক্রয়-বিক্রয় করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টায় অভিযানে যায় র‌্যাব সদস্যরা। মদ বিক্রিরত অবস্থায় তিনজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে গ্রামের অভ্যন্তরে বিকেল ৪টা পর্যন্ত টানা অভিযানে প্রায় ৯৮ হাজার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে উদ্ধারকৃত মাদকসহ মেমংকে নগদ ৫ হাজার টাকা জরিমানা এবং বাকি দুইজন আসামি করে মামলার পর কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।