বিদ্যুতে প্রাণ গেল বিদ্যুৎমিস্ত্রির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:০৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দীপ্তি ডাইং অ্যান্ড ফিনিশিং নামের একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (২৬) নামের এক বিদ্যুৎমিস্ত্রি নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে ফতুল্লার দাপা পোস্ট অফিস রোড এলাকায় অবস্থিত ওই কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা জীবন মিয়ার ছেলে। তার বোন মাহমুদা আক্তার শিউলী নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

দীপ্তি ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানার পরিচালক মিজানুর রহমান জানান, মোহাম্মদ আলী জেনারেটর মিস্ত্রি ছিলেন। বুধবার সকালে তাদের কারখানার পার্শ্ববর্তী টায়ার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে সারাদিন বিদ্যুৎ ছিল না। রাতে বিদ্যুৎ আসার পর মোহাম্মদ আলী কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে নিহতের পরিবারের জন্য যা যা করার দরকার তারা সেটা করবেন বলেও জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহমিনা নাজমীন জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, দীপ্তি ডাইংয়ে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন বলে শুনেছি।

শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।