আদমজী ইপিজেডের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বেতন-বোনাস পরিশোধের দাবিতে ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

শনিবার সকাল ৯টা থেকে আদমজী ইপিজেড এলাকার প্রধান গেটের সামনে সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা নারায়ণঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বকেয়া বেতন, ছুটি ও ফান্ডের টাকা পরিশোধ না করায় এবং শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয়ায় এ বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসেও কোনো শ্রমিককে সড়ক থেকে সরাতে পারেনি।

বিক্ষোভকারী পোশাক শ্রমিকদের অভিযোগ, সোয়াদ ফ্যাশনে সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছেন। ৫-৬ মাস ধরে ঠিকমতো বেতন পরিশোধ করছে না কারাখানা কর্তৃপক্ষ। সেই সঙ্গে বোনাস, ছুটি ও রিজার্ভ ফান্ডের টাকাও দেয়া হয়নি। এ অবস্থায় এসব পোশাক শ্রমিকরা বাসা ভাড়াসহ সংসার চালাতে গিয়ে কষ্টের মধ্যে রয়েছেন।

সোয়াদ ফেশনের কর্মরত আরিফ হোসেন জানান, কর্তৃপক্ষ আমাদেরকে না জানিয়ে হঠাৎ বন্ধ করে দেয়। শুনতে পেরেছি মালিক অন্যত্র কারাখানা বিক্রি করে দিয়েছে। একইসঙ্গে বিগত ৪ বছরের ছুটি, ফান্ড ও রিজার্ভের টাকাও আমাদেরকে পরিশোধ করা হয়নি।

এদিকে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সকাল থেকে ইপিজেট গেট সংলগ্ন আদমজী-ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখায় সকাল থেকেই সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কটিতে একেবারেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, কারখানাটি অন্য মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রমিকরা চলতি মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন। শ্রমিকদের পাওনার বিষয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।