মাজেদাকে ধরিয়ে দিয়ে ১০ হাজার টাকা পুরস্কার নিল তারা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী মাজেদা আক্তার মাজুকে ধরিয়ে দিয়ে পুলিশের কাছ থেকে পুরস্কার নিয়েছে কয়েকজন যুবক।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাসিক ৪নং ওয়ার্ডের আউলা বন এলাকা থেকে তাকে ধরে কয়েক যুবক। পরে থানা পুলিশে খবর দিলে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ সময় মাদক ব্যবসায়ী মাজেদা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সামনে ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কবির হাসানসহ স্থানীয় যুবকদেরকে জেল থেকে বেরিয়ে দেখে নেবেন বলে হুমকি দেন।

গ্রেফতারকৃত মাজেদা সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকার লোকমানের বাড়ির ভাড়াটিয়া নাছির উদ্দিনের স্ত্রী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, পুলিশের কতিপয় অফিসারের শেল্টারে বীরদর্পে মাজেদা গংরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। বর্তমানে সরকার সারাদেশে মাদকবিরোধী অভিযান জোরদার করায় মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করে পুলিশ। কিন্তু চিহ্নিত অনেক মাদক ব্যবসায়ী তালিকার বাইরে রয়ে গেছে প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক থাকায়।

সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ মাদক সম্রাজ্ঞী মাজেদাসহ ১৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। মাজেদার নাম ওই তালিকার ৫ নম্বরে রয়েছে। জেলা পুলিশ প্রশাসনের ঘোষণার পর থেকে নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের নেতৃত্বে কমিউনিটি পুলিশিং কমিটি ও স্থানীয় যুবসমাজ এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী মাজেদা আক্তার মাজুকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

শীর্ষ মাদক ব্যবসায়ী মাজেদা আক্তার মাজুর সন্ধান দাতাদের জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার প্রমুখ।

হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।