বাঁচলো না শফিকুল
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত অটোরিকশা চালক শফিকুল ইসলাম (৪৫) মারা গেছেন। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাউসার গ্রামের জনসাধারণের জন্য মদনপুর পর্যন্ত প্রায় ৭০টি অটোরিকশা চলাচল করে। শফিকুল ইসলাম ও তার ছেলে রাসেল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। ওই গ্রামে চলাচলরত অটোরিকশা থেকে একই গ্রামের আলী আকবরের ছেলে উজ্জলসহ একটি সিন্ডিকেট প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করে। একদিনের চাঁদার টাকা পরিশোধ না করায় শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলামের ছেলে রাসেলকে উজ্জল ও তার সহযোগীরা তুলে নিয়ে মারধর করে। ছেলেকে তুলে নিয়ে মারধরের খবর পেয়ে ছুটে যান বাবা শফিকুল ইসলাম। এ সময় শফিকুল তার ছেলেকে মারধরের প্রতিবাদ করে। এতে উজ্জল ক্ষিপ্ত হয়ে শফিকুলকে ছুরিকাঘাত করে। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আইসিইউতে লাইফ সাপর্টে থাকার পর সোমবার বিকেলে শফিকুল মারা যান।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর