এখন আর বিশ্বাস করি না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০১ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ অনেক কিছু হারিয়েছে। হারাতে হারাতে এখন আর আশ্বাসে বিশ্বাস করি না। যে নারায়ণগঞ্জ পাট এবং বস্ত্রে সারা দেশকে পরিচালনা করত, কিন্তু এখন সেগুলো নেই। বিভিন্ন ষড়যন্ত্রে এসব বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুরে নবনির্মিত জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিম ওসমান বলেন, সবাই জেনে খুশি হবেন নারায়ণগঞ্জ কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আর্জন করে। এটা দুই ভাবে- একটা হচ্ছে নিট পণ্য অন্যটি হচ্ছে আমাদের শ্রমিক। গত সপ্তাহে আমি একটি মিটিং করে এসেছি দুবাইতে। একটা জায়গার মধ্যেই আমি বন্দরের মানুষ পেয়েছি দুই হাজার। নারায়ণগঞ্জে দারিদ্র্যের হার কত পরিমাণ নিচে নেমে গেছে তা শুধু জেলা প্রশাসক বলতে পারবেন। সুতরাং নারায়ণগঞ্জের মানুষের এখন হানাহানি করলে হবে না। নারায়ণগঞ্জের মানুষকে ঠান্ডা মাথায় কথা বলতে হবে, উন্নয়নের কথা ভাবতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে কীভাবে ধন্যবাদ জানাব সে ভাষা আমার জানা নেই। আমি নিজে দেখেছি, দলিল লেখকরা রাস্তার পাশে ছেঁড়া ছাতার নিচে বসে। পাশে থাকে একটি ক্যাশ বাক্স। আজকে এই যে পরিবর্তন হচ্ছে এর কৃতজ্ঞতা কার? জাতির জনক বঙ্গবন্ধু কন্যার। আমাদের উপলব্ধি করতে হবে গত ১০ বছর আমরা কী পেয়েছি এবং এর আগে আমরা কী পেলাম। একজন মুক্তযোদ্ধা হিসেবে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেখানে দেখা গিয়েছিল রাজাকারের গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে। কোনো রাজনৈতিক বক্তব্য আমি বলছি না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছি। আপনাদের বুঝতে হবে। মানুষ বঙ্গবন্ধুর নাম পর্যন্ত ভুলে যেতে বসেছিলেন। কিন্তু এখন বাচ্চারাও জানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ নিবন্ধন শাখার মহাপরিদর্শক ড. খান মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, আবার জাতীয় সংসদ নির্বাচন হবে। যিনি বাংলাদেশের উন্নয়ন করেছেন, মানুষকে মর্যাদা দিয়েছেন, স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছেন সেই শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বেগম বাবলী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ মো. জহিরুল হক, জেলা প্রশাসক রাব্বী মিয়া ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম প্রমুখ।

শাহাদাত/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।