ইফতারে ভেজাল, ৩ খাবার হোটেলকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৭ মে ২০১৯

পবিত্র রমজান মাসে স্বাস্থ্যসম্মত খাবার প্রাপ্তি নিশ্চিতকল্পে নারায়ণগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি খাবার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় তাদেরকে ভেজাল খাদ্য বাদ দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরিসহ পরিষ্কার-পরিচ্ছন্নভাবে ইফতার ও প্রয়োজনীয় খাবার পরিবেশনের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় ইফতারিতে ভেজাল ও নোংরা স্থানে ইফতার ও প্রয়োজনীয় খাবার পরিবেশন করায় শহরের সুগন্ধা প্লাসকে ২০ হাজার টাকা, বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও সুমাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বলেন, পবিত্র রমজান মাসে স্বাস্থ্যসম্মত খাবার তৈরিসহ গুণগত মান বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ হতে মনিটরিং কল্পে শহরের খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় শহরের সুগন্ধা প্লাস, বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও সুমাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবারে মূল্য তালিকা না থাকায় ও নোংরা স্থানে ইফতার রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও আরও বলেন, এই তিনটি প্রতিষ্ঠানকে খাদ্যের গুণগত মান বজায় রাখতে ইফতারিতে কোনো প্রকার ক্ষতিকারক রঙ ব্যবহার না করা, ইফতার সামগ্রী ঢেকে রাখা ও খাদ্যে ভেজাল না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।