লামায় টমটম উল্টে পর্যটক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৭:২০ পিএম, ৩০ নভেম্বর ২০১৯
প্রতিকী ছবি

বান্দরবানের লামায় যাত্রীবাহী টমটম (ব্যাটারিচালিত ইজিবাইক) উল্টে মো. রাজন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ কুন্ডা ইউনিয়নের আবদুল খালেকের ছেলে। তিনি বান্দরবানের লামায় ঘুরতে এসেছিলেন।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে টমটম শনিবার দুপুর ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজারে যাচ্ছিল। এ সময় টমটমটি সড়কের পাঁচমাইল নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, নিহত রাজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সৈকত দাশ/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।