অপারেশন ছাড়াই একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১২ আগস্ট ২০২০

কুমিল্লার লাকসামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ। বুধবার (১২ আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূ শারমিন আক্তার উপজেলার উত্তরদা ইউনিয়নের মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

লাকসাম জেনারেল হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, সকালে প্রসূতি ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। এরপর ডা. লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে কোনো অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। এ খবর এলাকায় জানাজানি হলে উৎসুক লোকজন হাসপাতালে ভিড় জমান। বিকেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।

এদিকে সন্তানদের বাবা মাওলানা মিজানুর রহমান জানান, এর আগে তার স্ত্রীর একটি সন্তান হওয়ার পর মারা যায়। এবার একসঙ্গে পাঁচটি সন্তান হওয়ায় তিনি আনন্দিত। স্ত্রী ও নবজাতকদের সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।