কুমিল্লায় হামলার ঘটনায় গ্রেফতার ২
কুমিল্লার চৌদ্দগ্রামে এক পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। রোববার (১৬ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে উপজেলার ধনুসাড়া এলাকায় ওই পুলিশ কর্মকর্তার বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একপর্যায়ে গোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতেও হামলা চালানো হয়।
পরে এ ঘটনায় গোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।
এসএমএম/জিকেএস