বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বিআরটিসি বাসের চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৬ জুলাই ২০২২

বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার (ইজিবাইক) ছয়জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামি বিআরটিসি বাসের চালক জাহাঙ্গীর শিকদারকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে দিকে নগরীর রূপাতলী র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর শিকদার বরিশালের গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার হামেদ শিকদারের ছেলে।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বুধবার (২০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে (ইজিবাইক) চাপা দেয়। বিআরটিসির বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি বাকেরগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে পায়রা সেতু সংলগ্ন দাদুরহাট এলাকার দিকে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও তিন যাত্রী নিহত হন। আহত হন তিন যাত্রী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।

মেজর জাহাঙ্গীর আলম আরও জানান, এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় বাসের চালককে আসামি করে মামলা করা হয়। দুর্ঘটনার পর চালক জাহাঙ্গীর শিকদার আত্মগোপনে চলে যান। সোমবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাইফ আমীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।