নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে কিশোর খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২১ এএম, ০৮ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে নয়ন সিকদার (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

নিহত নয়ন শহরের গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে। তিনি একটি হোসিয়ারিতে কাজ করতেন।

শুক্রবার (৭ জুলাই) রাতে মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল কিশোর অস্ত্রশস্ত্র নিয়ে বোয়ালিয়া খালের রাস্তার পাশে বালু রাখার স্থানের দিকে দৌড়ে যান। কিছুক্ষণ পর আাবার সেখান থেকে তাদের বেরিয়ে যেতে দেখা যায়। এর পরপরই দুই যুবক কাঁধে ভর করে নয়নকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জালাল সিকদার বলেন, আমার ছেলেকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে জানি না। আমি এ ঘটনার বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, নিহতের কানের নিচে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় একটি ছেলে রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই হত্যাকারীদের গ্রেফতার করতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।