বাবা হত্যায় ৩৪ বছর পলাতক, জামিন চাইতে এসে কারাগারে ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৯ জুলাই ২০২৩
জসিম উদ্দিন

ফেনীতে বাবা হত্যা মামলায় জসিম উদ্দিন নামে এক ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার ৩৪ বছর পর বুধবার (১৯ জুলাই) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জসিম ফেনী জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৮৯ সালের ১৮ জুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের খায়েজ আহাম্মদের ঘরে হানা দেয় দুর্বৃত্তরা। এসময়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খায়েজ আহাম্মদ গুরুতর জখম হন। তাৎক্ষণিক তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জসিম উদ্দিনসহ চারজনকে আসামি করে মামলা করেন তার সৎ মা। মামলার পর জসিম উদ্দিন আত্মগোপনে চলে যান। পরে ১৯৯১ সালের ২ নভেম্বর এ মামলায় আদালত জসিম উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। দীর্ঘদিন প্রবাসে পলাতক থাকার পর বুধবার জসিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম ভূঞা সেলিম বলেন, জসিম উদ্দিন তার বাবা হত্যার ঘটনায় জড়িত ছিলেন না। কিন্তু তার সৎ মা তাকে এ মামলায় জড়িয়ে জীবন শেষ করে দিয়েছে। আমরা তার সাজার বিরুদ্ধে আপিল করবো। নিশ্চয়ই তিনি এ মামলায় খালাস পাবেন।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।