বরিশালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
বরিশালের বাকেরগঞ্জে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতারে করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, স্বর্ণ, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য জানান।
গ্ৰেফতাররা হলেন- বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের চাটরা গ্রামের বাদল খানের ছেলে মুছা খান (২১), একই এলাকার নুর মোহাম্মদ খলিফার ছেলে পলাশ খলিফা (৩৩), জালাল সিকদারের ছেলে সাগর সিকদার (২৩) ও আব্দুল আজিজ খানের ছেলে মাসুদ খান (৪০)।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ আটক ৩
পুলিশ সুপার বলেন, গত ২০ অক্টোবর দিবাগত রাতে উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলাম খলিফার (৫৪) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জানালার গ্লাস ভেঙে রফিকুল ইসলামের বাড়িতে ডুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা থেকে নগদ এক লাখ ৩৮ হাজার ৭০০ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য মালামালসহ ১২ লাখ ২৬ হাজার ৫০০ টাকার মালামাল নিয়ে যায়।
পরে এ ঘটনায় রফিকুল ইসলাম ইসলাম বাকেরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ওই মামলার পর জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতার পলাশ খানের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে। এছাড়া মুছা খানের বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন।
শাওন খান/আরএইচ/জেআইএম