ত্বকীর বাবা কারাগারে


প্রকাশিত: ০৮:১৪ এএম, ২৯ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বিকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ৭০ লাখ টাকার চেক জালিয়াতির এক বছরের কারাদণ্ড মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত সেটা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মিয়াজী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর আদালতে রফিউর রাব্বি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী আডভোকেট মাসুদ উর রউফ জানান, নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকার জালালউদ্দীন বাদী হয়ে ২০১২ সালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭০ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জ স্টান্ডার্ট চার্টার্ড ব্যাংকে ২০১২ সালের ৮ ফেব্রয়ারি ও একই বছর ১৫ ফেব্রুয়ারি রাব্বি জালালউদ্দীনকে ৭০ লাখ টাকার দুটি চেক প্রদান করে। চেক দুটি ১৬ ফেব্রুয়ারি প্রত্যাখ্যাত হয়ে ২০ ফেব্রুয়ারি ফেরত আসে। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা পরিশোধের অনুরোধ জানানো হয়। নোটিশ গ্রহণ করেন মার্চের ১ তারিখে। যার মেয়াদ শেষ হয় ৩০ মার্চ। কিন্তু টাকা পরিশোধ করেননি রাব্বি। পরে ২০১৫ সালের ২৪ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদের আদালত রফিউর রাব্বিকে এক বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে আরও ২ কোটি ১০ টাকা লাখ অর্থদণ্ড করেন। এরপর রফিউর রাব্বি ৩৫ লাখ টাকা জমা দিয়ে রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল (৫৬০৪/২০১৫) দায়ের করেন।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রফিউর রাব্বির আপিল খারিজ করে দেন। হাইকোর্টের রায়ের কপিসহ নথি গত ১৩ মার্চ নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এসে পৌঁছালে আদালত সেটি রেজিস্ট্রিভুক্ত করার আদেশ দেন। পরে আদালত রফিউর রাব্বি বরাবর সাজা পরোয়ানা ইস্যু করেন।

শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।