কুমিল্লায় মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে একাধিক মাদক মামলার আসামি রুহুল আমিন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল আমিন মোল্লা উপজেলার জায়গীর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে গ্রামের রাস্তায় রুহুল আমিনের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

তিনি আরও বলেন, রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে থানায় ৮-৯টি মাদক মামলা রয়েছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।