স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ দিলো ইসি
কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এ চিঠি দিলেও শুক্রবার (৫ জানুয়ারি) বিষয়টি জানা যায়। নির্বাচন কমিশনের আদেশক্রমে চিঠিতে সাক্ষর করেন উপসচিব আব্দুস সালাম।
চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকায় নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক লিটন সরকার ৫ ডিসেম্বর ভানী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বলেন, "রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুলতো পরের বিষয় তুই আগে আমার থাবা থেকে বাঁচ, ওপেন চ্যালেঞ্জ দিলাম কমপিটিশনতো দূরের কথা জামানতও থাকবে না। তোর ইউনিয়নে তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ান হইছত, কত বড় গুন্ডা হইছত, তুই আমার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত। আমি তোর বাড়িতে গিয়া ধরমু"।

এ ধরনের বক্তব্য দিয়ে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।
চিঠিতে সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটরের সহযোগিতায় অভিযুক্ত লিটন সরকারের বিরুদ্ধে অনতিবিলম্বে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত অভিযোগ করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খানকে একাধিকবার কল এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়নি।
জাহিদ পাটোয়ারী/এনআইবি/জিকেএস