নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জে পায়রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্র ফাহিমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩ জুন) সকালে পায়রা নদী থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ।
নিহত ফাহিম বরিশালের লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনের ছেলে।
মোহাম্মদ সাব্বির আহমেদ জানান, শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় পায়রা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফাহিম।
তিনি আরও বলেন, নদীতে সাঁতার দেওয়ার সময় স্রোতে ভেসে যায় ফাহিম। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দুদিন পর সোমবার সকালে ফাহিমের মরদেহ উদ্ধার হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, স্রোতের মধ্যে ফাহিমের তিন বন্ধু তীরে উঠে যেতে সক্ষম হয়। কিন্তু ফাহিম ডুবে যায়। সোমবার সকালে ফাহিমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
শাওন খান/এনআইবি/জেআইএম