বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বাস শ্রমিকরা। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুই পক্ষের বৈঠক শেষে বাস চলাচলের সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, বৈঠকে দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে। পরে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয়। এ খবর জানতে পেরে সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা রূপাতলী বাসস্ট‍্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করেন।

এসময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। তারা বাস স্টাফের বিচারসহ আট দফা দাবি জানান।

পরে শ্রমিকরা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন। সেসময় দক্ষিণের বিভিন্ন রুটের ৮টি মালিক সমিতি শ্রমিকদের ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাস চলাচল বন্ধ রাখে। ফলে বরিশাল-ঝালকাঠিসহ ১৫ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

শাওন খান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।