‘প্রেমঘটিত’ কারণে হতাশ, ছাত্রাবাসে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ
ময়মনসিংহের একটি ছাত্রাবাস থেকে সাব্বির ইসলাম (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাব্বির ইসলাম নেত্রকোনার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আগপাড়া এলাকার কৃষক রফিক মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও সহপাঠীরা জানান, সাব্বির ঢাকায় থেকে লেখাপড়া করতেন। এক মাস আগে স্নাতক দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ময়মনসিংহ এসে কলেজ রোড এলাকার ছাত্রাবাসে এক বন্ধুর সিটে বসবাস করতেন। তিনি জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের এক ছাত্রীকে ভালোবাসতেন। কিন্তু তাদের এ সম্পর্ক মেনে নেননি প্রেমিকার বড় ভাই। এ নিয়ে হতাশ ছিলেন সাব্বির। সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/এসআর/এমএমএআর/এএসএম