রোজায় শেয়ারবাজারে ৪০ মিনিট কম লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। এ হিসেবে রোজার ভেতর শেয়ারবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে।

রোজায় শেয়ারবাজারের লেনদেন সময় সূচির বিষয়ে ডিএসই জানায়, রমজান মাসে শেয়ারবাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পোস্ট ক্লোজিং সেশনের ১০ মিনিটে নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে দিনের ক্লোজিং দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

এদিকে রমজান মাসে ডিএসইর অফিস সময় নির্ধারণ করা হয়েছে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

এমএএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।