বর্তমানে ১০৭ দেশে ওষুধ রফতানি হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ওষুধ জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, ডেনমার্কসহ ১০৭টি দেশে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সংসদে স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তোফায়েল আহমেদ বলেন, ওষুধের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বিনা মূল্যে নমুনা পাঠানোর সুবিধা দেয়া হচ্ছে। এক্ষেত্রে রপ্তানি এলসি বা ঋণপত্র বাদে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার অথবা প্রতি এলসি বা ঋণপত্রের বিপরীতে এলসি মূল্যের ১০ শতাংশ বা সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলারে ওষুধ পাঠানো হবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক কেইস টু কেইস ভিত্তিতে পরীক্ষাপূর্বক এ সীমা বৃদ্ধি করতে পারবে।
তিনি বলেন, আমদানিকারক দেশের চাহিদার বিষয়ে লক্ষ্য রেখে দেশে ‘বায়ো-ইক্যুইভ্যালেন্স টেস্ট’ সুবিধা সৃষ্টির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। মুন্সিগঞ্জের গজারিয়ার বাওসিয়া এলাকায় ‘এ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস্ ইনগ্রেডিয়েন্টস্ (এপিআই) পার্ক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ জন্য ২শ’ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
আরএস/পিআর