মন্দার কবলে পুঁজিবাজারের ব্যাংকিং খাত


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২২ মার্চ ২০১৫

দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। বিনিয়োগকারীরা টাকার জন্য ব্যাংকের আসছেন না। উদ্যোক্তরা নতুন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগ ঝুঁকি নিচ্ছেন না। যার ফলে মন্দার কবলে পড়েছে দেশের ব্যাংকিং খাত। এ থেকে রেহায় নেই পুঁজিবাজারের বিনিয়োগকারি ব্যাংকগুলো। মূলত রাজনৈতিক অচল অবস্থার সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো সংকটের কারণে এই অবস্থা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা দেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে ৩০টি ব্যাংক। যার অধিকাংশের অবস্থা নাজুক। এর মধ্যে দুটি ব্যাংকের শেয়ার অভিহিত মূল্যের (ফেইসভ্যালু) নিচে চলে এসেছে। পাঁচটি ব্যাংকের শেয়ার দর রয়েছে অভিহিতমূল্যের ঘরে। এছাড়া ফেইসভ্যালুর কাছাকাছি অবস্থান করছে আরো চারটি ব্যাংকের শেয়ার মূল্য।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, পুঁজিবাজারের অস্থিরতার সঙ্গে ব্যাংকের বিভিন্ন নীতিমালা ও নানা অনিয়ম দুর্নীতির খবরে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংক খাতে। এছাড়া রাজনৈতিক অনিশ্চয়তায় ও বিদ্যুৎ-গ্যাসসহ অবকাঠামো ঘাটতিতে দীর্ঘ দিন বিনিয়োগ মন্দা, ব্যাংকে পড়ে আছে অলস টাকা। যার কারণে মুনাফা কমছে অধিকাংশ ব্যাংকের। কয়েকটি রয়েছে লোকসানের মুখে। ফলে এ খাতের শেয়ার কিনতে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এক সময় যেখানে ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে আশ্বস্ত থাকতেন বিনিয়োগকারীরা। টানা দর পতনে এখন ব্যাংকের শেয়ার নিয়ে ভাবিয়ে তুলেছেন তাদের। আর এসব নানা নেতিবাচক খবরে এ খাতের অধিকাংশ শেয়ারের বড় দরপতন হয়েছে বলে মনে করছেন  সংশ্লিষ্টরা।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৬ মার্চের লেনদেনর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩০টি ব্যাংকের মধ্যে ১৯টি ব্যাংক নেতিবাচক অবস্থায় রয়েছে ৮টি রয়েছে ইতিবাচকে বাকি তিনটি অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, পুঁজিবাজারের তালিকাভুক্ত দুটি ব্যাংকের শেয়ার দর অভিহিত মূল্য (ফেইসভ্যালু) নিচে রয়েছে।

ব্যাংকগুলো হল- আইসিবি ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।এর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪ টাকা ৫০ পয়সায় আর প্রিমিয়ার ব্যাংক হয়েছে ৯ টাকায়।

পাঁচটি ব্যাংকের শেয়ার দর অভিহিতমূল্যের (১০ টাকার) ঘরেই রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। দুই বছর আগেও ব্যাংকটির শেয়ারের মূল্য ছিল প্রায় ২০ টাকা। এক্সিম ব্যাংকের শেয়ার ১০ টাকা ২০ পয়সা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের শেয়ার ১০ টাকা ৫০ পয়সায়, এনসিসি ব্যাংকের শেয়ার ১০ টাকা ৩০ পয়সা,শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার ১০ টাকা ৫০ পয়সা।

এছাড়া ফেইসভ্যালুর কাছাকাছি অবস্থান করছে তার মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার সর্বশেষ ১১ টাকায় লেনদেন হয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার ১১ টাকা ৬০ পয়সা, যমুনা ব্যাংকের শেয়ার ১১ টাকা ৯০ পয়সা,  এসআইবিএলের শেয়ার ১২ টাকা ৯০ পয়সায়।

আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকা ৩০ পয়সা, এমটিবিএল ও  ট্রাস্ট ব্যাংকের শেয়ার শেয়ার ১৩ টাকা ৪০ পয়সা, ব্যাংক এশিয়ার শেয়ার ১৪ টাকা ১০ পয়সা, ওয়ান ব্যাংকের শেয়ার ১৫ টাকা ৩০ পয়সা, প্রাইম ব্যাংকের শেয়ার ১৫ টাকা ৫০ পয়সা, সাউথইস্ট ব্যাংকের শেয়ার ১৬ টাকা ২০ পয়সা, ঢাকা ব্যাংকের শেয়র ১৭ টাকায়, সিটি ব্যাংকের শেয়ার ১৮ টাকা ৮০ পয়সা, পুবালী ব্যাংকের শেয়ার ১৯ টাকা ৭০ পয়সা, ইউসিবিএলের শেয়ার সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সা, উত্তরা ব্যাংকের শেয়ার ২১ টাকা ৫০ পয়সা, আইএফআইসি ব্যাংকের ২১ টাকা ৯০ পয়সা, ইসলামী ব্যাংকের ২২ টাকা ৯০ পয়সা, এবি ব্যাংকের ২৩ টাকা ৫০ পয়সা এবং ইস্টার্ন ব্যাংকের ২৫ টাকা ৯০ পয়সা, ব্র্যাক ব্যাংকের শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা, রূপালী ব্যাংকের ৩৩ টাকা এবং  ডাচ-বাংলা ব্যাংকের ৭৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

এ প্রসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জা আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা অনিশ্চয়তার কারণে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন। এছাড়াও নানা অনিয়ম দুর্নীতি ও বিনিয়োগ মন্দার কারণে গত কয়েক বছর ব্যাংকগুলোতে মুনাফা কমছে। আর এসব কারণেই পুঁজিবারের ব্যাংকগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরো বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে শুরু পুঁজিবাজার নয় ভালো নেই দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা। আর রাজনৈতিক দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতা না আসলে এ থেকে উত্তোরণও সম্ভব নয়।

সংশ্লিষ্টরা বলেন, ব্যাংকগুলোতে কু-ঋণের পরিমাণ বেড়েছে। ৩-৪ বছরের ঋণ সমন্বয় (প্রভিশনিং) করতে হচ্ছে। ফলে আয় কমছে। এতে ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। ফলে মৌলভিত্তিসম্পন্ন ব্যাংকের মূল্য কমছে। তবে সংশ্লিষ্টরা ব্যাংক খাত নিয়ে আশাবাদী।

এসআই/এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।