বিবির শোকজ ২০ কর্মকর্তার বিষয়ে সিদ্ধান্ত ৫ জুলাই


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৪ জুন ২০১৫

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করায় শোকজ পাওয়া ২০ কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ৫ জুলাই। সেই দিন গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠকে কর্মকর্তাদের শোকজ প্রত্যাহার হবে কি না সেটি চূড়ান্ত হবে। একই সঙ্গে চুক্তি ভিত্তিক জিএম নিয়োগের বিষয়টিও সুরাহা হবে।

এর আগে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করায় ২০ কর্মকর্তাকে শোকজ করে কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ। আগামী ৩ দিনের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় শোকজ নোটিসে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের এক নেতা জাগো নিউজকে জানান, ২০ কর্মকর্তাকে যে শোকজ কার হয়েছে এটি উদ্দেশ্য প্রণোদিত। আগামী ৫ জুলাই গভর্নর আমাদের সঙ্গে বৈঠকে চুক্তিভিত্তিক জিএম নিয়োগের বিষয়ে আমাদের মতামত নেবেন। একই সঙ্গে যাদের শোকজ করা হয়েছে সেই বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত হবে।

তিনি বলেন, ইতিমধ্যে ব্যাংকের নীতি নির্ধারকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। যাদের শোকজ করা হয়েছে তাদের শোকজ নোটিস প্রত্যাহার করা হবে বলে আশ্বস্ত করেছেন তারা। এ জন্য ২৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত যে আল্টিমেটাম দেওয়া হয়েছে তা আগামী ৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকে কয়েকশ’ কর্মকর্তা একত্র হয়ে বিক্ষোভ করেন। এ সময় বোর্ড মিটিংয়ে আগত পরিচালকদের কাছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

চিঠি দিয়ে গভর্নরকে জানায়, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে আপনার গৃহীত কতিপয় পদক্ষেপ ও আন্তরিকতা কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে প্রাণের সঞ্চার করলেও সাম্প্রতিক সময়ে আপনার গৃহীত কিছু পদক্ষেপ ও পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে চরম হাতাশা আর চাপা ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের সঙ্গে দেখা করে নিয়োগ প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানান। এরপরও পরিচালনা পর্ষদ সভায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিটে’ (বিএফআইইউ) একজন চুক্তিভিত্তিক জিএম বা পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত হয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ নিয়োগ কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয় পর্ষদ সভায়।

জানা গেছে, বিএফআইইউর সাবেক জিএম দেবপ্রসাদ দেবনাথকে একই বিভাগের চুক্তিভিত্তিক জিএম পদে নিয়োগের জন্য বিভিন্ন মাধ্যমে তদবির শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ করেই ওই বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয়।

এসআই/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।