দরপত্র মূল্যায়নে ব্যাংকের প্রতিশ্রুতিপত্র প্রত্যাহার করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ এএম, ১৪ অক্টোবর ২০২১

সরকারি কেনাকাটায় দরপত্র মূল্যায়ন চলাকালে ইস্যুকৃত প্রতিশ্রুতিপত্র প্রত্যাহার করা যাবে না। বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিআরপিডি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু ব্যাংক সরকারি দরপত্র মূল্যায়নকালে দরপত্রদাতার অনুকূলে ইস্যুকৃত লেটার অফ কমিটমেন্ট ফর ব্যাংক’স আন্ডারটেকিং প্রত্যাহর করে নেওয়ায় সর্বনিম্ন দরদাতার হাত থেকে অপেক্ষাকৃত বেশি দরদাতার হাতে কাজ চলে যাওয়ার অবকাশ থাকে। এতে একদিকে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

এজন্য সরকারের অপ্রয়োজনীয় ব্যয় রোধকল্পে, সরকারি কাজ ত্বরান্বিত করার স্বার্থে এবং দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয় প্রণীত স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ফর প্রকিউরমেন্ট অফ ওয়ার্সের নির্দেশনা অনুযায়ী লেটার অফ কমিটমেন্ট ফর ব্যাংক’স আন্ডারটেকিং সংশ্লিষ্ট প্রকিউরমেন্ট এন্টিটির সম্মতি ছাড়া প্রত্যাহার করা যাবে না।

সকল ব্যাংককে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

ইএআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।