রাজধানীতে চার দিনব্যাপী পর্যটন মেলা শুরু


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৮ এপ্রিল ২০১৬

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬।’ চার দিনব্যাপী চলবে এই আন্তর্জাতিক পর্যটন মেলা চলবে সোমবার পর্যন্ত। সোনারগাঁও হোটেলের বলরুমে বিকেল ৪টায় মেলার উদ্বোধন করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান ও দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শনিবার থেকে শেষদিন সোমবার মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য নেয়া হচ্ছে ২৫ টাকা করে।

ভ্রমণ বিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ ১৩তম বারের মতো এ মেলার আয়োজন করছে।

মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি বিমান সংস্থা ‘নভোএয়ার’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলায় সহযোগী হিসেবে রয়েছে।

কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বিকাশে সহায়তার লক্ষ্য নিয়ে ১৩ বছর আগে আমরা ঢাকা ট্রাভেল মার্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। বিগত বছরগুলোতে পর্যটন ক্ষেত্রে বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটনে ব্যাপক উন্নয়ন হয়েছে। যাতে আমরা কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি বলে মনে করি।

নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’ উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, অভ্যন্তরীণ রুট ও আন্তর্জাতিক সকল গন্তব্যে মেলা চলাকালীন সময়ে ১৫% হ্রাসকৃত মূল্যে বিমানের টিকিট দিচ্ছে নভোএয়ার। এ সুযোগ নিতে হলে যাত্রীদের মেলায় গিয়ে টিকিট ক্রয় বা বুকিং দিতে হবে।

এছাড়া কক্সবাজার, সিলেট ও মিয়ানমারের জন্য হ্রাসকৃত মূল্যে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মেলায় আন্তর্জাতিক গন্তব্য ইয়াঙ্গুনের প্যাকেজ কিনলে ভিসা ফি ছাড় দেয়া হচ্ছে।

মেলায় গ্রাহকদের সেলফি প্রতিযোগিতারও আয়োজন করেছে নভোএয়ার। প্রতিযোগিতায় প্রথম তিন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির বেশি সংস্থা মেলায় অংশ নিয়েছে।

আরএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।