ইউজিসিতে অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের তালিকা, বন্ধের নির্দেশ
সরকারের অনুমোদন ছাড়াই দেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালিত হচ্ছে। সেসব বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয়কে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি যদি কোনো বিশ্ববিদ্যালয় বা শাখা ক্যাম্পাস সব নিয়ম মেনে সরকারের অনুমোদন পেতে আগ্রহী হয়, তাহলে আগামী ২৫ এপ্রিলের মধ্যে ইউজিসিতে আবেদন জমা দিতে হবে। সোমবার (৩০ মার্চ) ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদনহীন ও অনুমোদনের আবেদন না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও তালিকা প্রকাশ করেনি ইউজিসি।
ইউজিসি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, সরকার ও ইউজিসির অনুমোদন ছাড়াই দেশে বেশ কিছু দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। অনুমোদনহীন পরিচালিত এসব প্রতিষ্ঠানের একটি তালিকা ইতোমধ্যে কমিশনের কাছে রয়েছে।
‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪ অনুযায়ী দেশে-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার স্থাপন এবং পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে।’
এতে আরও বলা হয়, ‘অননুমোদিতভাবে পরিচালিত সব প্রতিষ্ঠানকে বিধিমালার ধারা ৪(৩) এর দফা (ঝ) অনুসারে অনুমোদন পাওয়ার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিগগির আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এএএইচ/এমএমএআর