বইমেলায় সাকিব আল হাসান
সাকিব আল হাসান আমাদের নায়ক, আমাদের গর্ব। ১৬ কোটি মানুষের স্বপ্নের নায়ক তিনি। তাকে ঘিরেই বিশ্বজয়ের স্বপ্ন দেখে ১৬ কোটি বাঙালি। কীভাবে, কবে সাকিব নায়ক হয়ে উঠলেন? সাকিব এমন কেন? সাকিব কেন আপনার আমার মতো নয়? বড় সরল প্রশ্নগুলোর জটিল উত্তর খোঁজা হয়েছে এই বইজুড়ে। আর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন সাকিবের ঘনিষ্ঠজন, বন্ধু-শত্রু, আন্তর্জাতিক ও দেশি বিশেষজ্ঞরা।
বাংলাদেশের কোনো খেলোয়াড়কে নিয়ে এ ধরনের অনুসন্ধান বিরল। অমর একুশে বইমেলায় সাকিব আল হাসানকে নিয়ে লেখা বইয়ের প্রথম ফ্ল্যাপে উপরের কথাগুলো বলেন বইটির লেখক দেবব্রত মুখোপাধ্যায়। বইটি বাজারে এনেছে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’। সাকিবের জানা-অজানা অনেক তথ্যসংবলিত বইটির নাম ‘সাকিব আল হাসান : আপন চোখে ভিন্ন চোখে’।
দেবব্রত মুখোপাধ্যায় দেশের শীর্ষ একটি দৈনিক পত্রিকার ক্রীড়া সাংবাদিক। ১৯৭৯ সালে বাগেরহাট জেলার সাংদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা ও বেড়ে ওঠা বাগেরহাটেই। লেখালেখির বিষয় মূলত খেলাধুলা ও ছোটদের সাহিত্য। ছোটদের এ্যাডভেঞ্চার, গোয়েন্দা গল্প ও ফ্যান্টাসি লিখে থাকেন।
‘হরিপদ টিম’ নামে একটি সিরিজ ইতোমধ্যে ছোটদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে। গত সাত বছর ধরে নিয়মিত প্রকাশ হচ্ছে এই সিরিজের বই। এ ছাড়া ছোটগল্প তার লেখালেখির অন্যতম ভুবন। বাংলাদেশের খেলাধুলা নিয়ে ফিচারধর্মী লেখালেখিতে তার আলাদা সুখ্যাতি আছে। প্রায় এক দশক ধরে এ বিষয়ে কাজ করছেন। ক্রিকেট খেলা নিয়ে তার রয়েছে বিশেষ আগ্রহ। ভালবাসেন ফুটবল নিয়ে লিখতে।
আরকে/বিএ/এমএস