রোকন রাইয়ানের বন্ধু পরিবহন
একুশে বইমেলায় এসেছে প্রতিশ্রুতিশীল তরুণ লেখক রোকন রাইয়ানের কিশোর উপন্যাস বন্ধু পরিবহন। এ্যাডভেঞ্জারধর্মী এ বইটিতে নির্মিত হয়েছে পাঁচবন্ধুর অন্যরকম অভিযানের গল্প।
বন্ধু পরিবহনের কাহিনীটা এমন। ক্লাস নাইনে পড়ুয়া পাঁচ বন্ধু। বয়সে ছোট হলেও প্রচণ্ড সাহসী আর উদ্দমী। পড়ালেখা-খেলাধুলার পাশাপাশি সৃষ্টিশীল কাজে ডুবে থাকে ২৪ ঘণ্টা। একটা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে পড়ে মহাবিপাকে। এলাকার শক্তিশালী পিরামিড ক্লাবের সঙ্গে ম্যাচ জিততে পারলে স্মরণীয় একটি কাজের প্রতিজ্ঞা করে। ভাগ্যক্রমে সেবার টুর্নামেন্ট জিতে যায় পাঁচ বন্ধুর একতা স্পোর্টিং ক্লাব। তারপর কথানুযায়ী স্মরণীয় কাজে নামা। সেই থেকে তৈরি হয় বন্ধু পরিবহন। ঘোরাঘুরি-আড্ডা, গল্পবাজি সব একাকার হয় বন্ধু পরিবহনে।
এমনই মহৎ এক কাজে পাঁচ বন্ধু ছুটে যায় পার্বত্য অঞ্চলে একটা পাহাড় ধসের খবর পেয়ে। কিন্তু, সেখানে গিয়েই শুরু হয় বিপত্তি। ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ নাইটগ্যাংয়ের কাছে আটকা পড়ে সবাই। মূল কাহিনীটা শুরু এখানেই। নাইটগ্যাংয়ের কাছে আটকে পড়া, উদ্ধারের শ্বাসরুদ্ধকর কাহিনী সবকিছুতে ছুয়ে আছে অদ্ভুত রহস্যময়তা। নিঃশ্বাস আটকে দেয়ার এমন কাহিনীই বন্ধু পরিবহনের আকর্ষণ। কথাশিল্পী রোকন রাইয়ান কাহিনীটাকে সাজিয়েছেন অপূর্ব ঢঙে। এক ভিন্ন আঙ্গিকে। পড়তে পড়তে পাঠক চলে যাবেন ছোটবেলায়। স্মৃতির ভাঁজে ভাঁজে উঠে আসবে আনন্দময় শৈশব। পুরো স্বাদটা পেতে আপনাকে যেতে হবে বইটার গভীরে।
বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। মূল্য ১৫০ টাকা। মেলায় আদর্শের স্টল ৪১১-৪১২। সোহরাওয়ার্দী উদ্যান।
এমএএস/পিআর