বই মেলায় রোদেলা প্রকাশনী বন্ধ


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রোদেলা প্রকাশনী বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। বইমেলার ১৬তম দিন সোমবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে স্টলটি বন্ধ দেখা যায়। স্টলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে অমর একুশে গ্রন্থমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই প্রকাশ করার অভিযোগ পাওয়ায় রোদেলার স্টলটি বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে পাইরেটেড বই রাখার অভিযোগে আরও একটি স্টলকে সতর্ক করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ। সতর্ক করে দেয়া স্টলগুলো হলো, ছোটদের মেলা প্রকাশনী, বই প্রকাশ ও ফুলকি প্রকাশনী।

উল্লেখ্য, রোদেলা প্রকাশনী এবারের বইমেলায় ‘নবী মুহাম্মদের (স.) ২৩ বছর’ শীর্ষক একটি বিতর্কিত বই প্রকাশ করে। বইটি মেলায় প্রকাশ হওয়ার পরপরই বিভিন্ন ওলামা সংগঠন বইটি বাজেয়াপ্ত এবং লেখক আলীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিল। এ ঘটনায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রোদেলা প্রকাশনীর সদস্যপদ বাতিল করেছে বলে জানা গেছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।