নজরুলের গান নিয়ে ফিরছেন রিংকু


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৬ মে ২০১৫

অনেকদিন ধরেই আলোচনায় নেই ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। মাঝেমধ্যে দেখা মিলে তার এখানে ওখানে নানা কনসার্টে। তবে খুশির খবর হলো নীরবতা ভেঙ্গে আবারো গান নিয়ে ফিরছেন ফোক ধারার গানে জনপ্রিয়তা পাওয়া এই গায়ক।

লালন ও রবীন্দ্র সঙ্গীতের পর এবার তিনি নিজের একক অ্যালবামের জন্য বেছে নিয়েছেন নজরুলের গান। জানালেন, কাজী নজরুল ইসলামের লেখা ইসলামী গান দিয়ে তিনি সাজাতে যাচ্ছেন নিজের দশম একক এ্যালবাম ‘ইয়া এলাহী’।

রিংকু আরো জানান, ‘লালনের গান গাইতেই আমার বেশি ভালো লাগে। তবে রবীন্দ্রনাথ ও নজরুলসহ বাংলা সাহিত্য ও গানের ভান্ডার সমৃদ্ধ করা লেখক মনীষীদের গানও খুব টানে। আগে কবিগুরর গানে অ্যালবাম করেছি। এবার জাতীয় কবিকে কণ্ঠে ধারণ করতে চাই। সবাই দোয়া করবেন। আশা করছি ভালো এবং সংগ্রহে রাখার মতোই একটি কাজ হবে।’

রিংকু আরও বলেন, ‘এর আগে বিচ্ছিন্নভাবে কিছু ইসলামী গান করেছিলাম। এগুলো থেকে বেশ সাড়া পেয়েছি। এবার তাই শ্রোতাদের মনের খোরাক জোগাতে এ্যালবামটি তৈরি করছি। কয়েকটি গান ধারণ শেষ হয়েছে। গানগুলোতে প্রয়োজন অনুসারে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে। অডিও ও ভিডিও দুই মাধ্যমেই গানগুলো শ্রোতাদের হাতে তুলে দেওয়া হবে।’

প্রসঙ্গত, রিংকুর নতুন অ্যালবামটি প্রকাশ করবে তার নিজের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সম্পর্ক’।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।