সম্রাটের গল্প সবার জন্য সারপ্রাইজ
সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে জড়িয়ে যান মিডিয়ার সাথে। বাকিটুকু ইতিহাস। তার হাত ধরে এসেছে জনপ্রিয় বেশ কিছু একক ও ধারবাহিক নাটক। প্রশংসা পেয়েছেন বিজ্ঞাপনচিত্র নির্মাণেও। তবে সবকিছু ছাপিয়ে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেই এখন অধিক আলোচিত। সম্প্রতি হাত নিয়েছেন নিজের চতুর্থ চলচ্চিত্র ‘সম্রাট-দ্য কিং ইজ হেয়ার’-এর কাজ। জাগো নিউজের সাথে একান্ত আলাপনে জানালেন ছবিটির আদ্যোপান্ত এবং নিজের সমসাময়িক ভাবনার কথা। সঙ্গে ছিলেন লিমন আহমেদ
জাগো নিউজ : কেমন আছেন?
মু মো কা রাজ : এই আছি বেশ। হাতে বিগ বাজেটের বড় ছবির কাজ। গোছগাছ করতে করতে সময়টা রোমাঞ্চের মাঝেই কেটে যাচ্ছে।
জাগো নিউজ : নতুন চলচ্চিত্রটির নাম সম্রাট কেন? রাজা কিংবা বাদশা নয় কেন?
মু মো কা রাজ : হা হা হা... এটা আসলে এক মাফিয়া সম্রাটের গল্প। তাকে কেন্দ্র করেই ছবিটির গল্প এগিয়ে যাবে। তাই ছবির নামটাও তার সাথেই মানিয়ে রেখেছি। এতে রাজা নামের একটি চরিত্রও আছে। তবে সম্রাটই সবাইকে আচ্ছন্ন করে রেখেছে।
জাগো নিউজ : সম্রাটের গল্প ও তার প্রধান চরিত্রগুলো সম্পর্কে বলবেন?
মু মো কা রাজ : ছবির গল্প দর্শকদের জন্য সারপ্রাইজ রাখতে চাই। সেটা তারা হলে গিয়েই উপভোগ করবেন। আপাতত বলবো একদল দুর্ধর্ষ মাফিয়াদের গল্প নিয়ে তৈরি হচ্চে সম্রাটা। যেখানে একজন স্রমাট আছেন সর্বসেবা ক্ষমতার অধিকারী। তার চোখের ইশারায় অপরাধ জগত পরিচালিত হয়। এ চরিত্রে অভিনয় করবেন ঢাকাই ছবির সম্রাট শাকিব খান। অন্য আরেকটি চরিত্র আছে রাজা। এখানে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তার চরিত্রটিও ক্যারিশমাটিক। আর অপু বিশ্বাস অভিনয় করবেন রুহি নামের একটি চরিত্রে। আমার বিশ্বাস এই তিনজনের চরিত্রের যে বিন্যাস এবং উপস্থাপন- তা মুগ্ধ করবে সবাইকে।
জাগো নিউজ : দেশে এত অভিনেতা থাকতে ভারতের ইন্দ্রনীলকে কেন বেছে নিলেন?
মু মো কা রাজ : সব পরিচালকই চায় তার কাজ নিখুঁত করার সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করার। আমিও তাই করেছি। আর সেজন্যই আমার মনে হয়েছে এ চরিত্রে ইন্দ্রনীলই মানানসই। তার জায়গায় আমাদের ইন্ড্রাষ্ট্রিতে কিংবা ওপার বাংলাতেও এ চরিত্রে আর কেউ পারফেক্ট হতো না। রাজা চরিত্রের মেজাজ, শারীরিক গঠন, এক্সপ্রেশন- সবকিছুই ইন্দ্রনীলকে বাছাই করার কারণ।
জাগো নিউজ : আপনার আগের তিনটি ছবির দু’টিতেই নায়ক ছিলেন আরিফিন শুভ। হঠাৎ করে শুভ থেকে শাকিবে চলে এলেন! বাজারে নানা কথা শুনা যায় এ প্রসঙ্গে। আপনি কী বলবেন?
মু মো কা রাজ : একটা ইন্ড্রাষ্ট্রিতে মন্তব্য করার অনেক মানুষ থাকে। সবার মুখ বন্ধ করা সম্ভব নয়। অনেক ভালো কাজ করলেও কেউ না কেউ আপনার খুঁত খুঁজে বের করবেনই। এটা ওইসব মানুষদের স্বভাব। শুভ’র সাথে সম্পর্কের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। ও আমার বরাবরই প্রিয় একজন অভিনেতা। সম্রাট ছবিতে শুভকে নিয়ে কাজ করার মতো কোনো চরিত্র নেই। তাই ওকে নেয়া হয়নি। এ নিয়ে উল্টা পাল্টা কিছু ভাবার কোনো কারণ নেই। যারা এসব ভাবছেন তাদের কাছে আমার প্রশ্ন, আমি ছাড়া শুভ আরো অনেক নির্মাতাদের সাথে কাজ করেছে, করছে। সম্প্রতি একটি ছবি সুপারহিটও হয়েছে। আমি কি কোনো প্রশ্ন করেছি এ নিয়ে, কেন শুভ আমি ছাড়া অন্যদের সাথে কাজ করে? তবে আমার বেলাতেই কেন প্রশ্নগুলো আসবে? আসলে আমরা সবাই কাজের মানুষ। কাজটাই আমাদের মূল কথা। সম্পর্কগুলো তৈরি হয় এ কাজের ভরসাতেই। 
জাগো নিউজ : কিন্তু ধারাবাহিকভাবে আপনার প্রায় সব ছবিতেই আরিফিন রুমিকে গান করতে দেখা যায়। সম্রাটেও তিনি কাজ করেছেন। এর বিশেষ কোনো কারণ আছে কি?
মু মো কা রাজ : রুমির গান আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। ওর কাছে আমি যেমনটি করে য চাই তা তেমনটিই পাই। ও আমার চাওয়াটা খুব সহজেই বুঝতে পারে। এজন্যই ওকে নিয়ে কাজ করতে সাচ্ছ্বন্দ্যবোধ করি।
জাগো নিউজ : এতে করে তো একঘেয়েমির একটা বিষয় চলে আসে। দর্শকরা বিরক্ত হতে পারেন-
মু মো কা রাজ : আমার তা মনে হয় না। কারণ আমি তো শুধু রুমিকে দিয়েই গান করাচ্ছি না। যেমন সম্রাট ছবিতে মোট ৫টি গান থাকবে। তারমধ্যে রুমির পাশাপাশি কলকাতার সাবি, আমাদের ইমরান ও কৌশিক হোসেন তাপসরাও গান করবেন। এতে একঘেয়েমির সুযোগ নেই। ভবিষ্যতেও এমনটাই করবো। দেখা যাবে রুমি ও হাবিব ওয়াহিদ আমার ছবির জন্য গান করছেন। মোট কথা হলো দর্শক-শ্রোতাদের ভালো লাগা ও তাদের রুচিকে প্রাধান্য দিয়েই সবাই কাজ করার চেষ্টা করি। 
জাগো নিউজ : সম্রাট ছবির শুটিং ৩০ থেকে শুরু হবার কথা। হচ্ছে তো?
মু মো কা রাজ : অবশ্যই। সবকিছুই গুছিয়ে এনেছি। ৩০ মে থেকে একটানা ১৫ জুন পর্যন্ত বিএফডিসিতে কাজ চলবে। পরের লটে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যায়ণ হবে। ইচ্ছে আছে মালয়েশিয়াতে যাবার। সেখানেও অনেকদিন কাজ করবো।
জাগো নিউজ : কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে বলে ভাবছেন?
মু মো কা রাজ : কোরবানী ঈদেই সম্রাটকে মুক্তি দিতে চাই। সে লক্ষ্যেই এখন পর্যন্ত পা ফেলছি। দেখা যাক শেষপর্যন্ত কী হয়।
জাগো নিউজ : আপনার ছায়াছবি চলচ্চিত্রটির কী খবর? অনেকদিন তো হয়ে গেল!
মু মো কা রাজ : এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। ছায়াছবি ছবিটির সব দায়িত্বই প্রযোজকের হাতে। তিনি যখন চাইবেন তখনই মুক্তি পাবে।
জাগো নিউজ : চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু ছোট পর্দার দর্শকরা তো আসছে ঈদে আপনার কাজ মিস করবে-
মু মো কা রাজ : এ ভাবনা থেকেই তিনটি নাটকের কাজ করেছি। আসছে ঈদে এগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। আশা করছি দর্শকরা নিরাশ হবেন না।
জাগো নিউজ : আপনার চতুর্থ চলচ্চিত্র সম্রাট নির্মাণে অভিনন্দন জানাই। সেইসাথে সময় দেয়ার জন্য ধন্যবাদ।
মু মো কা রাজ : আপনাকেও ধন্যবাদ। জাগো নিউজের পাঠকদের জন্য রইল অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন। সুন্দর চলচ্চিত্র হলে গিয়ে দেখুন।
এলএ/আরআইপি