মিউজিক ভিডিও নিয়ে ফিরছেন আসিফ


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৭ মে ২০১৫

কয়েক বছর ধরেই অডিও বাজারে অনিয়মিত ছিলেন গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। গেল বছর তিনি প্রকাশ করেন তার সর্বশেষ একক ‘এক্স প্রেম’। এরপর তেমন করে আর নতুন কোনো অডিও গান তিনি করেননি।

আসিফ ভক্তদের জন্য সুখবর হল তিনি আবারও গানে ফিরছেন। চলতি বছর থেকেই অডিও ও চলচ্চিত্রের গানে নিয়মিত হবেন তিনি। নিজের ফেসবুক পেজে এমনটিই জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

তবে এখন থেকে খুব বেশি গান করবেন না তিনি। আগে বছরে যেখানে আসিফের কয়েকটি অ্যালবাম প্রকাশিত হত, সেখানে এখন বছরে পনের থেকে বিশটি গান প্রকাশ হবে তার। এরপর গানগুলোকে অ্যালবাম আকারে প্রকাশ করবেন।

সেইসাথে জানালেন, এখন থেকে গানের পাশাপাশি নিয়মিত মিউজিক ভিডিও উপহার দেবেন আসিফ।

অডিওর পাশাপাশি প্লেব্যাকে কণ্ঠ দিয়ে যাবেন বলেও জানান আসিফ। ইতিমধ্যে পদ্মপাতার জল, লাভ ম্যারেজ, গোল্লাছুট, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২, রাত্রীর যাত্রীসহ বেশ কটি সিনেমার প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি।

পাশাপািশি নিয়মিত দেশের বাইরেও স্টেজ শো করবেন এই কণ্ঠশিল্পী। আগামী ১২ই জুন মালদ্বীপে কনসার্টের মাধ্যমে আবারো বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন নিয়মিত।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।