সালমানের প্রচারণায় শাহরুখ


প্রকাশিত: ০৭:০২ এএম, ২৭ মে ২০১৫

২০০৮ সালে কোনও এক পার্টিতে সালমান খানের সাথে শাহরুখ খানের ঝগড়া হয়। সে থেকেই দু’জনের মুখ দেখাদেখি ছিলো বন্ধ। কিন্তু ২০১৩ সালের এক ইফতার পার্টিতে সেই ভাঙন ধরা সম্পর্কের ক্ষতে কিছুটা প্রলেপ লাগে।

পরে সালমানের বোন অর্পিতার বিয়েতে শাহরুখের উপস্থিতি সেই ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিয়ে দেয় অনেকটাই। এরপর গাড়ি চাপা দিয়ে পালানো মামলায় রায়ের আগে সালমানের বাড়ি গিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়ে আসেন বলিউডের কিং খান। সেই থেকেই তাদের নতুন করে বন্ধু হয়ে পথ চলা শুরু।

এবার সেই বন্ধুত্ব পেল নতুন মাত্রা। সালমান এবং শাহরুখের ভক্তদের অবাক করে দিয়ে টুইটারে সালমানের পরবর্তী ‘বজরাঙ্গি ভাইজান’ ছবির ‘ফাস্ট লুক’ নিজের টুইটারে প্রকাশ করেন শাহরুখ।


পাশাপাশি টুইটারে শাহরুখ সালমানের বন্ধু ও বড় ভাই হিসেবে স্নোহাশীষ রেখে লেখেন, ‘আমি মনে করি একজন হিরো হওয়ার চেয়ে সবার বড় ভাই হওয়াটা অনেক বড়। ‘ভাইজান’ আসছেন ২০১৫ সালের ঈদে। ‘ফাস্ট লুক’টি কেমন লাগছে?’

ছবিতে দেখা যাচ্ছে খয়েরি পোশাকে রুক্ষ্ম সালমান। গলায় রয়েছে একটি লকেট। ‘দাবাং’ তারকার পুরো মুখটা ফার্স্ট লুকে দেখা যাচ্ছে না অবশ্য। এই ছবির শুটিং শেষের পথে। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে ট্রেলর।

বজরাঙ্গি ভাইজান সিনেমার শুটিং হয়েছে কাশ্মীরের বিভিন্ন স্থানে। ছবিটিতে সালমানের বিপরীতে রয়েছে শাহরুখের রা ওয়ানের নায়িকা কারিনা কাপুর খান।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।