অতিথি চরিত্রে মৌসুমী
গল্পের প্রয়োজনে প্রায়ই দেখা যায় অতিথি চরিত্র হাজির হতে। এবার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার নতুন ছবি ‘প্রেমী ও প্রেমী’র অতিথি চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে।
বিষয়টি নিশ্চিত করে মৌসুমী জানালেন, ছবিটির দৃশ্যধারণে অংশ নিতে আগামী ১০ জুন স্কটল্যান্ডে যাচ্ছেন তিনি।
মৌসুমী বলেন, ‘দ্বিতীয়বারের মতো কোনো ছবিতে অতিথি চরিত্রে কাজ করতে যাচ্ছি। এর আগে এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। সেটি আমার পছন্দের একটি চলচ্চিত্র। আশা করছি নতুন এই ছবিটিও সবার ভালো লাগবে।’
মৌসুমী জানালেন স্কটল্যান্ডে দৃশ্যধারণের জন্য ২০ দিন মতো অবস্থান করবেন তিনি।
এদিকে জানা গেছে, ‘প্রেমী ও প্রেমী’ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন বাংলাদেশের মডেল ও টিভি উপস্থাপিকা নুসরাত ফারিয়া এবং কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশ। এটি পরিচালনা করবেন কলকাতার অশোক পতি এবং বাংলাদেশের আবদুল আজিজ।
সংগীত পরিচালনায় শওকত আলি ইমন, ইমন সাহা, আকাশ, স্যাভি। নৃত্য পরিচালক ও চিত্রগ্রাহক নেওয়া হচ্ছে ভারত থেকে। ছবিটির দৃশ্যধারণের বেশিরভাগ অংশ হবে স্কটল্যান্ডে। বাকিটা হবে বাংলাদেশ ও ভারতে। শিগগির শুরু হবে ছবিটির দৃশ্যায়ণের কাজ।
এলএ/পিআর