মেয়র পদে নির্বাচনী প্রচারণায় মৌসুমি হামিদ!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ এএম, ১৪ এপ্রিল ২০১৬

অভিনেত্রী মৌসুমি হামিদ পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য লড়ছেন। তার মার্কা কলস। সেজন্য তিনি প্রচারণায় জন্য নেমেছেন রাস্তায়। ঠিক যেমনটা রাজনৈতিক নেতা-নেত্রীদের ক্ষেত্রে দেখা যায়। নির্বাচনে জয়ী হওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টাও করছেন। এলাকাবাসীও চান তিনি এবার মেয়র পদে জয়ী হন।

পাঠক ভড়কে যাওয়ার কোনো কারণ নেই। অভিনয় ছেড়ে প্রিয় তারকা সত্যি সত্যি রাজনীতিতে নামছে না। লাক্স তারকা মৌসুমি হামিদকে এমনটা দেখা যাবে নাটকে। নাটকটির নাম ‘বিবর্তন’।  

সকাল আহমেদ রাজুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নাটকে লতিকা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি। এতে তার বিপরীতে কামাল পাশা চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

নাটকটি প্রসঙ্গে মৌসুমি হামিদ জাগো নিউজকে বলেন, ‘বিবর্তন’ নাটকের গল্পটি চমৎকার। কাজ করতে গিয়ে অনেক আনন্দ পেয়েছি। এর নির্মাণও ভালো হয়েছে। তাছাড়া এমন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের কাছে খুব ভালো লাগবে।’  

‘বিবর্তন’ নাটকে আরো অভিনয় করেছেন সেলি আহসান, আল-আমিন, কামরুল মুফতী, রাতুল তালুকদার, সবুজ রিয়াল খান, জীবন আহমেদ, লামিয়া আক্তার সাব্বিয়া প্রমুখ।

খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।