সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা থেকে রানী এলিজাবেথ বাদ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

প্রথমবারের মতো ব্রিটেনের ধনী ব্যক্তিদের তালিকা থেকে বাদ পড়েছেন পড়েছেন রানী এলিজাবেথ। সানডে টাইমস পত্রিকা দেশটির তিনশো জন ধনী ব্যক্তির যে তালিকা প্রকাশ করেছে সেখান থেকে বাদ পড়েছেন তিনি। পত্রিকাটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে থাকে।

পত্রিকাটি বলছে, তার ধন সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় এবার পাঁচ কোটি ডলার বেড়েছে। কিন্তু বাকিরা রানীর চেয়েও আরো দ্রুত গতিতে বেশি অর্থ সম্পদের মালিক হয়েছে। ১৯৮৯ সালে যখন এই তালিকা প্রথম প্রকাশ করা হয় তখন রানী এলিজাবেথ ছিলেন তালিকার শীর্ষে।

এবছর তালিকার শীর্ষে স্থান দখল করে নিয়েছেন ইউক্রেনীয়-বংশোদ্ভূত ব্যবসায়ী লেন ব্লাভাৎনিক। ব্রিটেনে সবচেয়ে ধনী এই ব্যক্তির সম্পদের মূল্য ১,৯০০ কোটি ডলার। সঙ্গীত প্রতিষ্ঠান ওয়ার্নার মিউজিক কোম্পানির মালিক তিনি। মূলত তেলের ব্যবসা করেই তিনি তার এই অর্থ বানিয়েছেন।

ধনীদের এই তালিকায় আরো যারা রয়েছেন তাদের মধ্যে আছেন অভিনেতা জন ক্লিনি এবং তার স্ত্রী আমাল। গত বছর এই তালিকার এক নম্বরে ছিলেন দুই ভাই শ্রী এবং গোপী হিন্দুজা।

তালিকায় বিলিওনারের সংখ্যা ১১৭ জন। গত বছর ছিলো ১০৪ জন। এই বিলিওনারদের ৮০ জনই বাস করেন লন্ডনে। লেন ব্লাভাৎনিক লন্ডনে যে বাড়িতে থাকেন তার মূল্য চার কোটি পাউন্ডেরও বেশি। সম্প্রতি তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে দান করেছেন সাড়ে সাত কোটি পাউন্ড।

সবচে বেশি ধন সম্পদ বেড়েছে গ্যালেন ও জর্জ ওয়েস্টনের যারা যুক্তরাজ্যে সেল্ফরিজেস ও প্রাইমার্কের মালিক। মাত্র এক বছরে তাদের সম্পদ বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। তালিকার ১০ নম্বরে আছেন ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।