যুক্তরাষ্ট্রে পর্বতারোহণে বাঙালির মৃত্যু
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে পর্বতারোহণ করতে গিয়ে মারা গেলেন ঋষভ চৌধুরী নামে ভারতের এক বাঙালি ছাত্র। বুধবার মারা যান তিনি। ঋষভ এনএসজি কম্যান্ডোবাহিনীর ডিজি জয়ন্তনারায়ণ চৌধুরীর ছেলে।
মার্কিন প্রশাসনিক সূত্রের খবর, ঋষভ চৌধুরীর বাড়ি আসামের গুয়াহাটিতে। তিনি ওহাইয়ো রাজ্যের উস্টার কলেজে দর্শনের ছাত্র ছিলেন।
ঋষভের বন্ধুরা জানিয়েছেন, ছুটিতে কলেজ থেকে হাইকিংয়ে গিয়েছিলেন অ্যারিজোনার পশ্চিমে ক্লিয়ার ক্রিক অঞ্চলে। বুধবার সন্ধ্যায় ভার্ডে ক্যাম্পে পৌঁছানোর কিছু আগে হঠাৎই দলছুট হয়ে পড়েন ঋষভ। তখনই তিনি একটি খাড়া পাথুরে জায়গায় পা ফস্কে প্রায় একশো ফুট উঁচু থেকে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
লস অ্যাঞ্জেলেসের শেরিফের দফতর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর এসে পৌঁছনোর ঘণ্টা খানেকের মধ্যে চিকিৎসকদের একটি দলও পৌঁছয় সেখানে। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে ঋষভের। বৃহস্পতিবার আকাশপথে সমতলে নিয়ে আসা হয় তাঁর দেহ।
উস্টার কলেজের ডিন কুর্ট হোমস বলেছেন, শীতের শেষে কলেজ থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ঋষভ। ঘটনাটির বিস্তারিত তদন্ত করেও দেখা হবে।
ভারতের কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, শনিবার খবর পাওয়ার পরেই সপরিবার আমেরিকা রওনা হয়েছেন জয়ন্তনারায়ণ চৌধুরী।
বিএ/আরআইপি