আজ ১১তম দিনের মতো সাক্ষ্য দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে আজ ১১তম দিনের মতো সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির একজন হলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি এই মামলার রাজসাক্ষী। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এই মামলার পলাতক আসামি।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্যামেরা ট্রায়ালে আজ জবানবন্দি দেবেন তিনি। এ সময় কোনো সাংবাদিক উপস্থিত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের সব দায় স্বীকার করে এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন।
এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা।
গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনেন প্রসিকিউশন। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।
এর আগে গত ৩ আগস্ট এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে পর্যায়ক্রমে রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা অব্যাহত রয়েছে।
এফএইচ/ইএ/জিকেএস